বারুইপুর: নাবালিকার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রবিবার বারুইপুরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর সোমবার থেকে বারুইপুর, নরেন্দ্রপুর ও সোনারপুর থানা এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৬৩ ধারা জারি করেছে পুলিশ।
এই ধারার আওতায় সংশ্লিষ্ট তিনটি থানা এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সোমবার সকাল থেকেই এলাকাজুড়ে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর টহলদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতির উপর প্রশাসন কড়া নজর রাখছে।
প্রসঙ্গত, রবিবার নাবালিকার হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা কিশোরীর দেহ আটকে রেখে বিক্ষোভে সামিল হন। সেই ঘটনাকে ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, কিশোরীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়, যার ফলে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা ও আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে এই ঘটনার সময় পুলিশের উপর হামলা ও মারধরের অভিযোগও সামনে এসেছে।
ঘটনার তদন্তে ইতিমধ্যেই ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। পাশাপাশি, এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে প্রশাসনের।

