মুম্বই: বলিউড অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। দীর্ঘ ২৫ বছরের পরিচয় এবং প্রায় দু’বছরের সম্পর্কের পর রবিবার ঘরোয়া পরিবেশে আইনি মতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।
প্রসঙ্গত, ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়। অবশেষে সেই সম্পর্কই পেল বৈবাহিক স্বীকৃতি।
জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীর আগের পক্ষের পুত্র কুইন এবং আমির খানের দ্বিতীয় পক্ষের পুত্র আজাদ। পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র জগতের সহকর্মীদের নিয়ে একান্ত পরিসরে সম্পন্ন হয় এই বিশেষ অনুষ্ঠান।
সেদিন মুম্বইয়ে প্রবল বৃষ্টিপাত সত্ত্বেও প্রায় ১৫০ জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব এবং বলিউডের একাধিক পরিচিত মুখ নবদম্পতিকে শুভেচ্ছা জানান।
আমির খানের এই তৃতীয় বিয়ে ঘিরে বলিউডে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যক্তিগত ও সীমিত পরিসরের, তবুও এই খবরে অনুরাগীদের মধ্যে উৎসাহের কমতি নেই।

