অভিনেতা যশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এর ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল বেড়েছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবি, পরিচালক গীতু মোহনদাস এবং চলচ্চিত্র শিল্পে মহিলা পরিচালকদের চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি।

হুমা বলেন, ‘টক্সিক’ এমন একটি ছবি, যা দর্শক আগে দেখেননি। তাঁর বিশ্বাস, ছবিটি মুক্তির পর দর্শকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে। তিনি বলেন, শুধু নিজের অভিনয় নয়, ছবির প্রত্যেক অভিনেত্রীই অসাধারণ কাজ করেছেন।

পরিচালক গীতু মোহনদাসের প্রশংসা করে হুমা জানান, তিনি দীর্ঘদিন ধরেই তাঁর কাজের অনুরাগী। মূলত মালয়ালম চলচ্চিত্রে কাজ করলেও আন্তর্জাতিক স্তরেও গীতু মোহনদাস প্রশংসা অর্জন করেছেন। তাঁর পরিচালনায় কাজ করার সুযোগ পাওয়ায় তিনি অত্যন্ত উৎসাহিত হয়েছিলেন বলে জানান অভিনেত্রী।

সাক্ষাৎকারে হুমা আরও বলেন, বাণিজ্যিক চলচ্চিত্রে একজন মহিলা পরিচালকের কাজ করা সহজ নয়। তাঁর মতে, অনেক পুরুষ অভিনেতাই মহিলা পরিচালকের নির্দেশ মেনে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন না। তবে যশ এবং গীতু মোহনদাসের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও পেশাদার সম্পর্কের প্রশংসা করেন তিনি। হুমার কথায়, এত বড় তারকাকে নিয়ে গীতুর মতো একজন মহিলা পরিচালকের এই ধরনের বড় বাজেটের ছবি পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়।

ছবিটি নিয়ে আশাবাদী হুমা বলেন, এত বড় বড় অভিনেত্রীরা যখন এই প্রকল্পের অংশ, তখন নিশ্চয়ই দর্শকদের জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে। তিনি সবাইকে ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান।

এদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে হুমা কুরেশির প্রযোজিত ও অভিনীত ছবি ‘বেবি ডু ডাই ডু’। সেই ছবির প্রশংসা করে যশ সামাজিক মাধ্যমে লেখেন, সহজ পথে নয়, কঠিন পথ বেছে নেওয়ার সাহস দেখিয়েছেন হুমা। প্রযোজক হিসেবে তাঁর এই উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ ছবিতে যশ ও হুমা কুরেশির পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আডবাণী, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত। ছবিটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।