বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ খান-কন্যা সুহানা খানের। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সম্প্রতি মুম্বইয়ে শুটিং শেষ করে ফিরে এসে তিনি ভাগ করে নিলেন নিজের অভিজ্ঞতা।

জন্মদিন উপলক্ষে এক সাক্ষাৎকারে খরাজ মুখোপাধ্যায় জানান, শাহরুখ খানের সঙ্গে কাজ করা তাঁর কাছে এক অসাধারণ অভিজ্ঞতা। তাঁর কথায়, শাহরুখ অত্যন্ত পেশাদার এবং সেটে থাকাকালীন সম্পূর্ণ মনোযোগ থাকে শুধুই কাজের দিকে। অপ্রয়োজনীয় আলোচনা বা উচ্চস্বরে কথা বলা তিনি পছন্দ করেন না, ফলে পুরো ইউনিটেই একটি শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় থাকে।

খরাজ জানান, ছবির শুটিং সাধারণত দুপুর ২টো থেকে রাত ২টো পর্যন্ত চলত। এই সময়সূচি তাঁর জন্যও সুবিধাজনক ছিল।

ছবির অন্যতম আকর্ষণ সুহানা খানের বড়পর্দায় আত্মপ্রকাশ। সেই প্রসঙ্গে খরাজ বলেন, শাহরুখ একজন বাবার পাশাপাশি একজন অভিজ্ঞ অভিনেতা হিসেবেও মেয়েকে প্রতিটি দৃশ্যে পরামর্শ দিচ্ছেন। প্রয়োজন হলে নিজেই অভিনয় করে দেখিয়ে দিচ্ছেন কীভাবে দৃশ্যটি ফুটিয়ে তুলতে হবে। এমনকি একটি দৃশ্যে কীভাবে শুয়ে থাকতে হবে, মাথার অবস্থান কেমন হবে— তাও নিজে অভিনয় করে সুহানাকে বুঝিয়ে দিয়েছেন।

খরাজের কথায়, শাহরুখ চাইছেন তাঁর মেয়ের অভিনয়ে যেন কোনও খামতি না থাকে। একজন বাবা হিসেবে তাঁর যত্ন যেমন স্পষ্ট, তেমনি একজন অভিনেতা হিসেবে সুহানার পারফরম্যান্স নিয়েও তিনি সমানভাবে মনোযোগী।

অভিনেতা আরও জানান, ছবিতে তাঁর বেশিরভাগ দৃশ্যই রয়েছে সুহানা খানের সঙ্গে। পাশাপাশি শাহরুখ খানের সঙ্গেও পর্দা ভাগ করার সুযোগ হয়েছে। শুটিং চলাকালীন শাহরুখ তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন বলেও জানান খরাজ। তাঁর মতে, এমন একজন কিংবদন্তি অভিনেতার কাছ থেকে প্রশংসা পাওয়াই বড় প্রাপ্তি।

উল্লেখ্য, ২০২৩ সালে টানা তিনটি সফল ছবি উপহার দেওয়ার পর প্রায় তিন বছর বিরতি শেষে বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। অ্যাকশনধর্মী ছবি ‘কিং’ আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা। ছবির চিত্রনাট্যকারদের মধ্যে রয়েছেন পরিচালক সুজয় ঘোষও।