মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা (Direct Benefit Transfer) দেওয়ার বিভিন্ন সরকারি প্রকল্পের কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি প্রভাব পর্যালোচনার প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদ (Economic Advisory Council to the Prime Minister – EAC-PM)।
সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্রে পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, মহিলাদের উদ্দেশে সরাসরি অর্থ স্থানান্তরের এই ধরনের প্রকল্পগুলি ভারতে কল্যাণমূলক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বর্তমানে দেশের ১৫টিরও বেশি রাজ্যে বিভিন্ন নামে এই ধরনের প্রকল্প চালু রয়েছে এবং চলতি অর্থবর্ষেও সেগুলি বাস্তবায়িত হচ্ছে।
গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, এই প্রকল্পগুলির সামাজিক ও অর্থনৈতিক প্রভাব, উপভোক্তাদের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব, সরকারি ব্যয়ের কার্যকারিতা এবং সামগ্রিক আর্থিক স্থায়িত্ব নিয়মিতভাবে মূল্যায়ন করা প্রয়োজন। এর মাধ্যমে ভবিষ্যতে এই ধরনের প্রকল্পগুলিকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করা সম্ভব হবে বলে মত প্রকাশ করেছে পরিষদ।
তবে গবেষণাপত্রে কোথাও এই প্রকল্পগুলি বন্ধ করার সুপারিশ করা হয়নি। বরং বাস্তব তথ্য ও ফলাফলের ভিত্তিতে সময়ে সময়ে পর্যালোচনার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যাতে সরকারি কল্যাণমূলক কর্মসূচিগুলি আরও দক্ষ ও ফলপ্রসূভাবে পরিচালিত হতে পারে।

