নিজস্ব সংবাদদাতা: দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি (কম্পার্টমেন্টাল) পরীক্ষার আবেদন প্রক্রিয়ার সময়সীমা আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।
তবে পরীক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন না। আবেদন করতে হলে তাঁদের নিজ নিজ স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট User ID এবং Password ব্যবহার করে সিবিএসই-র ‘Pariksha Sangam’ পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এর আগে বোর্ড জানিয়েছিল, ৮ জুলাই পর্যন্ত কোনও বিলম্ব-জরিমানা ছাড়াই অনলাইনে আবেদনপত্র এবং List of Candidates (LOC) জমা দেওয়া যাবে। সেই সঙ্গে ওই সময়সীমার মধ্যেই নির্ধারিত পরীক্ষার ফি জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই সময়সীমা আরও ২৪ ঘণ্টা বৃদ্ধি করে ৯ জুলাই পর্যন্ত করা হয়েছে।
উল্লেখ্য, সিবিএসই দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি (কম্পার্টমেন্টাল) পরীক্ষা আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। তাই যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের দ্রুত নিজেদের স্কুলের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

