নিজস্ব সংবাদদাতা: বর্তমান সময়ে স্টার্ট-আপ, উদ্ভাবন এবং আত্মনির্ভর কর্মসংস্থানের চাহিদা দ্রুত বাড়ছে। সেই কারণেই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরই অন্ত্রেপ্রেনিয়রশিপ (Entrepreneurship) বিষয়ে প্রথাগত উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন পড়ুয়ারা। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্টের মতোই এই বিষয়েও এখন উচ্চশিক্ষা গ্রহণ করে সফল উদ্যোগপতি হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব।

অন্ত্রেপ্রেনিয়রশিপের পাঠ্যক্রমে মূলত শেখানো হয় কীভাবে একটি নতুন ব্যবসায়িক ধারণাকে বাস্তব রূপ দেওয়া যায়, কীভাবে সেটিকে আইনসম্মত ও নিবন্ধিত ব্যবসায় পরিণত করা যায় এবং একটি নতুন উদ্যোগ কীভাবে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এছাড়াও এই কোর্সে ব্যবসার জন্য বিনিয়োগ সংগ্রহ, আর্থিক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসায়িক ঝুঁকি মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও অন্তর্ভুক্ত থাকে।

পড়ুয়ারা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনার প্রয়োজনীয় দক্ষতা, মানবসম্পদ (Human Resource) ব্যবস্থাপনা, বাজেট পরিকল্পনা, আর্থিক নিয়ন্ত্রণ এবং সঠিকভাবে ব্যয় পরিচালনার কৌশলও শিখতে পারেন। পাশাপাশি বাজারের চাহিদা বিশ্লেষণ, পণ্যের বিপণন, বিক্রয় কৌশল এবং গ্রাহক ব্যবস্থাপনা সম্পর্কেও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ থাকে।

বিশেষজ্ঞদের মতে, যাঁরা ভবিষ্যতে নিজের ব্যবসা শুরু করতে চান বা স্টার্ট-আপ গড়ে তোলার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য অন্ত্রেপ্রেনিয়রশিপ একটি সম্ভাবনাময় শিক্ষার ক্ষেত্র। সঠিক প্রশিক্ষণ ও পরিকল্পনার মাধ্যমে এই কোর্স তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভর কেরিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।