মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে ট্রাম্প লেখেন, “নিয়ন্ত্রণের একটা নির্দেশ প্রয়োজন।” এই মন্তব্যের অর্থ স্পষ্ট না করায় তা নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে।
ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক মাধ্যম Truth Social-এ ছবিটি পোস্ট করেন। জানা গিয়েছে, ছবিটি গত মাসে ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনের সময় তোলা। ছবিতে দেখা যায়, মেলোনি ট্রাম্পের দিকে হাসিমুখে তাকিয়ে রয়েছেন। তবে ক্যাপশনে কাকে বা কোন প্রসঙ্গে ‘নিয়ন্ত্রণের নির্দেশ’-এর কথা বলা হয়েছে, সে বিষয়ে ট্রাম্প কোনও ব্যাখ্যা দেননি।
এই পোস্টের পর অনেকেই মনে করছেন, সাম্প্রতিক ট্রাম্প-মেলোনি বাকযুদ্ধের প্রেক্ষিতেই এই মন্তব্য করা হয়েছে। যদিও এ বিষয়ে হোয়াইট হাউস বা ইতালির প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প দাবি করেছিলেন যে, জি৭ সম্মেলনের সময় তাঁর সঙ্গে ছবি তোলার জন্য মেলোনি আগ্রহ প্রকাশ করেছিলেন। অন্যদিকে, মেলোনি সেই দাবি খারিজ করে বলেন, তিনি কারও কাছে কোনও ধরনের ব্যক্তিগত সুবিধা বা প্রচারের জন্য অনুরোধ করেন না। ট্রাম্পের মন্তব্যকে তিনি ‘বিনা প্ররোচনায় আক্রমণ’ বলেও অভিহিত করেছিলেন।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, ন্যাটো সহযোগিতা এবং ইউরোপের নিরাপত্তা ইস্যুতে দুই নেতার মধ্যে সাম্প্রতিক মতপার্থক্যের জেরেই এই কূটনৈতিক টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। বিশেষ করে, ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের প্রশ্নে ইতালির অবস্থান এবং ট্রাম্পের নীতির সমালোচনা দুই পক্ষের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।
এদিকে, তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো বৈঠকে ট্রাম্প ও মেলোনির আবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই ট্রাম্পের এই সামাজিক মাধ্যম পোস্ট আন্তর্জাতিক রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

