নিজস্ব সংবাদদাতা: রাজ্যে সরকারি উচ্চশিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধীরে ধীরে ফিরে আসছে বলে দাবি করলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। মঙ্গলবার শিয়ালদহে একটি অনুষ্ঠানে তিনি জানান, চলতি শিক্ষাবর্ষে স্নাতক স্তরে ভর্তির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা রাজ্যের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
মন্ত্রী জানান, চলতি বছরে স্নাতক স্তরে মোট ভর্তির সংখ্যা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ছাত্রীদের ভর্তি প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাঁর মতে, এই পরিসংখ্যান প্রমাণ করছে যে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আবারও বাড়ছে।
সম্প্রতি স্নাতকে ভর্তির হার বৃদ্ধির বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গ উল্লেখ করে উচ্চশিক্ষা মন্ত্রী বলেন, আগামী বছর এই ইতিবাচক প্রবণতা আরও স্পষ্ট হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে বাংলার শিক্ষার হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যেই সরকার কাজ করছে।
জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, গত ১৫ বছরে রাজ্যের শিক্ষাক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মেধাবী পড়ুয়া রাজ্যের বাইরে চলে গিয়েছেন। তবে সরকারি ও বেসরকারি উদ্যোগ এবং সমাজের সম্মিলিত সহযোগিতায় আগামী দিনে সেই পরিস্থিতির পরিবর্তন সম্ভব বলেই তিনি আশাবাদী।
এদিন তিনি পিএম সেতু (PM Setu) প্রকল্প নিয়েও বক্তব্য রাখেন। মন্ত্রীর দাবি, এই প্রকল্প নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্ট জানান, কোনও সরকারি আইটিআই বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে না। বরং শিল্পসংস্থার সহযোগিতায় আইটিআইগুলির পরিকাঠামো ও শিক্ষার মান উন্নয়ন করা হবে, যেখানে সরকারের সক্রিয় ভূমিকা থাকবে।
মন্ত্রী আরও জানান, দেশের প্রায় ১,০০০টি আইটিআই-এর আধুনিকীকরণের লক্ষ্যেই এই প্রকল্প নেওয়া হয়েছে। শিল্পক্ষেত্র ও শিক্ষার মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। পাশাপাশি, জাতীয় শিক্ষানীতি (NEP) শিক্ষার্থীদের সামগ্রিক দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি মন্তব্য করেন।

