ডিম প্রোটিনের অন্যতম সেরা উৎস। তবে কাঁচা ডিম খাওয়া বেশি উপকারী, নাকি রান্না করা ডিম— তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা মত প্রচলিত রয়েছে। অনেকের ধারণা, রান্না করলে ডিমের কিছু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই।
চিকিৎসকদের মতে, নিয়মিত খাদ্যতালিকায় সেদ্ধ বা ভালোভাবে রান্না করা ডিম রাখাই সবচেয়ে নিরাপদ এবং স্বাস্থ্যকর। রান্না করা ডিমের প্রোটিন শরীর সহজে শোষণ করতে পারে। পাশাপাশি কাঁচা ডিমের তুলনায় এতে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ঝুঁকিও অনেক কম থাকে।
বিশেষজ্ঞরা জানান, কাঁচা ডিমে স্যালমোনেলা ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা থাকে, যা খাদ্যবাহিত সংক্রমণ, জ্বর, বমি, ডায়রিয়া এবং পেটের নানা সমস্যার কারণ হতে পারে। শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের অ্যানেস্থেসিয়োলজিস্ট ও ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডা. কুণাল সুদ জানিয়েছেন, প্রতিদিনের খাদ্যতালিকায় সেদ্ধ বা সম্পূর্ণ রান্না করা ডিম রাখাই সবচেয়ে নিরাপদ ও উপকারী। তাঁর মতে, এভাবে খেলে শরীর প্রোটিন আরও কার্যকরভাবে গ্রহণ করতে পারে এবং সংক্রমণের ঝুঁকিও অনেকটাই কমে যায়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, ডিম খাওয়ার সময় শুধু প্রোটিনের পরিমাণ নয়, খাদ্যের নিরাপত্তাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। তাই কাঁচা ডিমের পরিবর্তে সেদ্ধ, পোচ বা ভালোভাবে রান্না করা ডিম খাওয়াই অধিকাংশ মানুষের জন্য উপযুক্ত।
স্বাস্থ্যবিষয়ক পরামর্শ: এই প্রতিবেদনটি সাধারণ তথ্যের উদ্দেশ্যে প্রকাশিত। ব্যক্তিগত স্বাস্থ্য বা খাদ্যাভ্যাস সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন।

